প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

নিউজ ডেস্ক :: জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা আজ শনিবার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত এ আনন্দমেলায় শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মুহাম্মদ কাদের গনি চৌধুরী শিশু আনন্দমেলার উদ্বোধন করেন। সকালে শিশুদের দৌড়, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড় ও এয়ারগান শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নারীদের পিলো পাসিং ও দড়ি টানাটানি প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া পর্ব শেষ হয়।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নাচ ও গান পরিবেশনা শিশুদের আনন্দ দেয়। এ ছাড়া বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচের জাদু প্রদর্শনী উপস্থিত শিশুদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও এ কে এম মহসীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য মো. আনোয়ার উদ্দিন, পরাগ আরমান, মো. আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, ডি এম আমিরুল ইসলাম অমর ও আব্দুল্লাহ মজুমদারসহ ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন।

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর