
হাবিবুর রহমান ফরহাদ, রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন তিনি।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। পাশাপাশি, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট নিরসন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্যাপনের ওপর গুরুত্ব দেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশগ্রহণের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :