প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জে ১০ মামলার আসামি কেচ্ছা রাসেল গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে সহিদ উল্যাহ ওরফে কেচ্ছা রাসেলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ও পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বসুরহাট পৌরসভার করালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বর্তমানে ১০টি মামলা রয়েছে।

রাসেল বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া গ্রামের শফি উল্যাহর ছেলে। তিনি পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত রাসেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা হয়েছিল। ২০২১ সালের ১৩ মে বসুরহাট বাজারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালানোর ঘটনায় তাঁর নাম আলোচনায় আসে। ওই সময় প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

ওই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান সাজু এবং ছাত্রলীগ নেতা করিম উল্যাহ শাকিলসহ অন্তত ২০ জন গুলিবিদ্ধ ও আহত হন বলে অভিযোগ রয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাসেল। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, রাসেলের বিরুদ্ধে বর্তমানে ১০টি মামলা রয়েছে। রোববার সকালে তাঁকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানোর কথা রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর