প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৩

মামলা দিয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে হয়রানির প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এসময় লিখিত বক্তব্যে আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, গত সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখেছি এবং আপনাদের সংবাদমাধ্যমে দেখেছি সোমবার বিকেলে কেশারপাড় ইউনিয়নের দমদমা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক লোকে সমাবেশ চলাকালীন শতশত নেতাকর্মীর সামনে স্টেজে মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা করেছিল। বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জাজনক। শত হলে ৭৮ বছরের বয়োবৃদ্ধ আমাদের এমপি তিনি। এ ঘটনার পর আমি নিজেও আমার ফেসবুকে পোস্ট করে এ ঘটনার নিন্দা জানিয়েছি। কয়েকটা পত্রিকায় ও টিভিতে দেখেছি এমপিকে জুতা দিয়ে পেটানো ঐ লোক মানসিক ভারসাম্যহীন আবার কেউ কেউ সংবাদ করেছে মোরশেদ আলমের নিকটতম লোকজনের দ্বারা তাদের পরিবার বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়েছিল তাই রাগে ক্ষোভে সে প্রকাশ্যে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল এমপি মোরশেদ আলমকে। কিন্তু এর পরপরই নতুন করে নাটক সাজিয়েছে তারা। তারা এ ঘটনাকে সম্পূর্ণ আমাদের ওপর চাপিয়ে দিয়ে উল্টো আমার ১১ জন লোকের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু মামলায় তারা জুতাকে ধারল অস্ত্র বানিয়ে আমার ১১ জনের নামে মামলা দিয়েছে। ঐ ১১জন আমার নির্বাচন পরিচালনার মুল দায়িত্বে আছে। তারা আমার সাথে থাকেন সবসময়। আমার নির্বাচনের দায়িত্বে থাকা লোকজনকে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছেন। তারা মামলায় উল্লেখ করেছে ধারাল অস্ত্র দিয়ে নাকি তাকে হত্যা চেষ্টা করেছে, অথচ ভিডিও তে স্পষ্ট দেখা যাচ্ছে জুতা দিয়ে একজনে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল।

মানিক বলেন, গত শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের লালিত কিশোর গ্যাং ও হেলমেট বাহিনি ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে আমার নির্বাচনী প্রচারণার সভায় আমার নেতাকর্মীদের অস্ত্র দিয়ে গুলি করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আমার এক নারী সমর্থকের বাড়িতে গিয়ে প্রথমে ৫ রাউন্ড গুলি করে, হাতবোমা মারে,ককটেল বিস্ফোরণ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলমেট বাহিনি তাদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনার লিড দিয়েছে এলাকার শীর্ষ সন্ত্রাসী হেলমেট বাহিনির সেকেন্ড ইন-কমান্ড সৌরাভ হোসেন সুমন। যে কিনা এর আগে স্বতন্ত্রের পক্ষে ভোট করলে পিটিয়ে মেরা ফেলবে বলে প্রকাশ্যে হৃমকি দেয়, এমন ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমরা অভিযোগ ও মামলা করেছিলাম তাও সে ঘটনার কোনো প্রতিকার পাইনি। এ হেলমেট বাহিনি সন্ধ্যা হলেই বহিরাগতদের নিয়ে বের হয়ে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং আমার নেতাকর্মী ও সমর্থকদের ভয় দেখাচ্ছে প্রতিনিয়ত।
নৌকার প্রার্থী মোরশেদ আলম গনজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে নতুন নতুন নাটক সাজাচ্ছেন উল্লেখ করে মানিক বলেন, তারা দেউলিয়া হয়ে এখন মিথ্যা ও বানোয়াট মামলার খেলায় নেমেছে। মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখতে পারবে না। জনবিস্ফোরণ ঘটবে আগামী ৭ তারিখে কাঁচি মার্কার। আমাদের বিজয় উৎসবের মাধ্যমে মামলাবাজ হেলমেট বাহিনিদের জবাব দিবে জনগণ।

তিনি আরও বলেন, বারবার আচরণবিধি লঙ্ঘন এবং অস্ত্র ও গুলি চালিয়ে আমার লোকজনকে হত্যার চেষ্টা করেই তারা ক্ষান্ত হয়নি এখন আমি শঙ্কিত, কখন যেনো তাদের হেলমেট বাহিনির বুলের স্বীকার হতে হয় আমাকে তা নিয়ে আমি এখন শঙ্কিত। প্রশাসন নিরব দর্শক হয়ে এ ঘটনাগুলো দেখছেন। অথচ আমি বারবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ ঘটনাগুলোর বিরুদ্ধে অভিযোগ দেয়ার পরেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অস্ত্র উদ্ধার করতে পারেনি। হেলমেট বাহিনির সেকেন্ড ইন-কমান্ড সৌরাভ হোসেন সুমনকে আটক করতে পারে নি। উদ্ধার করা হয় নি অস্ত্র, ঠেকানো যায়নি বহিরাগত সন্ত্রাসীদেন আগমন, আমার পোস্টার ছেঁড়ার অভিযোগ এখনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি।

মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে মানিক বলেন, তারা নিজেদের নির্বাচন অফিস নিজেরা জালিয়ে কিংবা বিভিন্ন হট্টগোল বাজিয়ে আবার কখন কোন নাটক সাজিয়ে আমার লোকজনকে মামলা দিয়ে দেয় বলা যায় না। নাটকের পর নাটক সাজাচ্ছে তারা। তবুও আমি প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের ওপর আস্থাশীল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশাবাদি সময় মতো প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। হেলমেট বাহিনিদের আইনের আওতায় আনা হবে এবং নির্দোষ আমার নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে আমি প্রশাসনের সদয় অবগতি করছি। এ ঘটনার পিছনের কারন কী? কারা নাটক সাজিয়ে আমার লোকজনকে হয়রানি করছে? প্রশাসন এর সুস্থ তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবেন বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে নির্বাচন কমিশনের নিকট অনুরোধ করবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ধরনের মিথ্যা বানোয়াট দেয় যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

এসময় সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহাম্মদ চৌধুরী, সাবেক মেয়র আবু জাফর টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমকে একটি নির্বাচনী সভা চলাকালে মঞ্চের কাছে এসে জুতা দিয়ে আঘাত করার চেষ্টা করেন আলাউদ্দিন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক আলাউদ্দিন সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বাহার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত আলাউদ্দিনকে (৩৬) কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার ভিডিও অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, নির্বাচনী সভার সঞ্চালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। তবে আঘাতটি সভার সঞ্চালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর