• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৪

জীবিত থেকেও এক বছর ধরে মৃত সামছুন নাহার, বয়স্ক ভাতা অন্যের নামে

জেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : এক বছর ধরে বয়স্ক ভাতা বন্ধ ৯১ বছরের বিধবা সামছুন নাহারের। যেনো জীবিত থেকেও মৃত তিনি।

গত বছরের মার্চ মাসে বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড বাতিল করা হয়েছে। বিগত ১০ মাস যাবৎ তিনি বয়স্ক ভাতা বঞ্চিত রয়েছেন বলে জানা গেছে। অপরদিকে তার নাম পরিবর্তন করে অন্যজনকে বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে।

সামছুন নাহার বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী ডিলারের বাড়ির মৃত আবদুল খালেকের স্ত্রী। তিনি প্রায় ২৫ বছর ধরে বয়স্কভাতা পেয়ে আসছিলেন।

জানা গেছে, সামছুন নাহার দীর্ঘদিন ধরে ভাতা না পেয়ে তার ছেলেকে দিয়ে ইউনিয়ন অফিসে খোঁজ নিতে পাঠালে জানতে পারেন সামছুন নাহার মৃত। তার নাম কেটে দিয়ে অন্য একজনকে ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। আমান উল্যাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিনের স্বাক্ষরিত একটি মৃত্যু সনদে দেখা যায় ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মারা যান বৃদ্ধা সামছুন নাহার।

ইউনিয়ন পরিষদ থেকে এমন একটি সনদ দেওয়ায় তার ভাতাটি বন্ধ করে দেওয়া হয়। অথচ বৃদ্ধা নিজেই জানেন না তিনি যে এক বছর আগে মারা গেছেন।
ভুক্তভোগী সামছুন নাহার বলেন, ইউনিয়ন পরিষদে গেলে আমার ছেলেকে সবাই বলে আমি নাকি মারা গেছি। আমাকে ভাতা দেওয়া হবে না। আমি জীবিত থাকার পরও আমাকে মৃত দেখিয়ে আরেকজনের নামে কিভাবে ভাতার টাকা পরিবর্তন করে দেয়! আমি গরিব মানুষ। আমি এর বিচার চাই।

সামছুন নাহারের প্রতিবেশি মোস্তফা মহসিন বলেন, এ রকম ঘটনা তদন্ত করলে আরো অনেক পাওয়া যাবে। উপজেলা সমাজসেবা কার্য়ালয় এবং ইউনিয়ন পরিষদ এর কতিপয় ব্যক্তি এ ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত। এদের টাকা না দিলে বিধবা,বয়স্কভাতা হয়না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।
এবিষয়ে প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন বলেন, আমি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বৃদ্ধা ২ নং ওয়ার্ডের বাসিন্দা। সম্ভবত তিনি লাইভ ভ্যারিফিকেশনের জন্য ইউনিয়ন পরিষদে আসেন নাই তাই তাকে মৃত দেখানো হয়েছে। আমি সাক্ষর করেছি এটা সত্য তবে এটা উদ্যেশ্য প্রণোদিত ভাবে নয়। লাইভ ভ্যারিফিকেশনে না আসা সকল ভাতাভোগীদের পরিষদের রেজুলেশনে ভাতা বন্ধ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ বলেন, প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র ও পরিষদের রেজুলেশনের ভিত্তিতে জানতে পারি, জেলেখা বেগম ২ ফেব্রুয়ারি ২০২৩ এ মৃত্যু বরণ করেন। তাই ভাতাটি বন্ধ করা হয়েছে। কোনো মানুষ মারা গেলে আমরা সকল কাগজপত্র দেখে অন্য একজনকে প্রতিস্থাপন করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, এটি সংশোধনের কার্যক্রম চলমান। আশাকরি সামছুন নাহার দ্রুতই বয়স্ক ভাতা পাবেন। এছাড়াও আমরা তদন্ত করছি কে বা কারা এটার সাথে জড়িত। যদি তদন্তের পর কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর