প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৪ আগস্ট, ২০২৪

স্বাস্থ্যসেবাকে দুর্নীতি মুক্ত ও জবাবদিহি মূলক করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সাধারণ মানুষকে সেবা প্রদানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বলে সরকারি স্বাস্থ্য সেবা কর্মীদের সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিন বলেছেন, স্বাস্থ্য সেবা খাতের কর্মীদের জনবান্ধব ও সেবামূলক মনোভাব পোষণ করতে হবে। জনগণকে সেবা প্রদানে খারাপ ব্যবহারের কোনো সুযোগ নেই।

শনিবার ২৪ জুলাই সকালে জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এই সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় এখন বিভিন্নরকম সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করে স্বাস্থ্য সেবা খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সময় আর সবার সহযোগিতা একান্তই প্রয়োজন।

তিনি বলেন, আজ আমি কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, কাশীপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা, ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে মনে হয়েছে। এখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনীয় ওষুধসামগ্রীর পর্যাপ্ত মজুত রাখা হয়। তিনি বলেন, এ ছাড়া ফিটকিরি দিয়েও পানি জীবাণুমুক্ত করা যায়। বিশুদ্ধকরণ ব্যতীত এ অবস্থায় নলকূপের পানি পান করা যাবে না। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠপর্যায়ের কর্মীদের জনগণকে সচেতন করার জন্য আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা, চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এখানেও দেখা দিবে। এ বিষয়ে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।

আশ্রয়কেন্দ্রে পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা আশ্রয়রত মানুষ বিশেষত নারী-শিশুদের সঙ্গে সামগ্রিক চিকিৎসাসেবা, ত্রাণ-সাহায্য, পরিবার পরিকল্পনা এবং নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি আরো বলেন জেলায় মোট ৮২৬টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রে যেন জনগণ সঠিক সেবা পায়।

পরিদর্শনকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর