প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২৪

কোম্পানীগঞ্জে কাদের মির্জা সহ ৪৩জনের বিরুদ্ধে লুটপাটের মামলা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় আলোচিত ও সমালোচিত আওয়ামী লীগ নেতা এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জাকে প্রধান আসামী করে ৪৩ জনের বিরুদ্ধে লুটপাটের মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন মেসার্স ফিরোজ এন্ড ব্রাদার্স এবং মেসার্স হুমায়ুন কবির টিম্বার এন্ড “স” মিল এর মালিক ফিরোজ আলম মিলন। অভিযোগে তিনি কাদের মির্জা ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, চাঁদাবাজি এবং লুটপাটের অভিযোগ এনেছেন।

গতকাল নোয়াখালী জেলার বিজ্ঞ বিচারিক ম্যাজিস্ট্রেট এর ২ নম্বর আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার প্রথম আসামী হিসেবে কাদের মির্জার নাম উল্লেখ করা হয়েছে, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। দ্বিতীয় আসামী করা হয়েছে কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেনকে। এছাড়াও, মামলায় ২ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৪ জন ওয়ার্ড কাউন্সিলর, এবং একজন সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিচারক ইকবাল হোসেন মামলাটি গ্রহণ করে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাদের মির্জার নেতৃত্বে তার হেলমেট বাহিনী এবং সহযোগীরা মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালায়। হামলার সময় মিলনকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়। চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে মূল্যবান ফার্নিচার, কাঠের পণ্য ও অন্যান্য জিনিসপত্র লুটপাট করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কাদের মির্জা সেখানে শিশু পার্ক করার ঘোষণা দেন, যার ফলে মিলনের প্রায় ৪৩ কোটি ৩১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠান ২টির মালিক ফিরোজ আলম মিলন জানান, সেসময়ে আদালতের নির্দেশনা অমান্য করে কাদের মির্জা ও তার সন্ত্রাসী বাহিনী এই নৃশংস কর্মকাণ্ড ঘটিয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর