
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলায় ছোট বড় মিলিয়ে ১২ খালের প্রায় ৬০ কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করেছে সুবর্ণচরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। খালের বৈধ বাঁধ ও আগাছা পরিস্কার করে অতিবৃষ্টি ও বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি হলেই পানি জমে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠের ফসল তলিয়ে যায়। এতে অধিকাংশ কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসাল জাল, ভিন্তি জাল, ও ডুব চাই বসিয়ে খালের পানির গতিধারা রোধ করে রেখেছে কিছু অসাধু জেলে। এতে বৃষ্টিতে উপজেলার ৯টি ইউনিয়নে কৃষি জমিতে ৩-৪ ফুট পানিতে তলিয়ে যায় ধানের চারা ও বিভিন্ন ফসল। তাই খালের পানিপ্রবাহ ঠিক রাখতে বিভিন্ন ধরনের মাছ ধরার জাল এবং আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে নোয়াখালী উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃতে এসব পরিস্কার করেছে এলাকার যুব সমাজ।
সুবর্ণচরে কৃষি জমিতে এ জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকারের সার্বিক তত্বাবধানে নোয়াখালী উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন, সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন নবপ্রত্যয় যুব সংগঠনের সহযোগিতায় মানুষ স্বেচ্ছায় উপজেলার বিভিন্ন খাল পরিষ্কার করার কাজে নামেন। এবং ছোট বড় মিলিয়ে উপজেলা ৬০ কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমে পরিস্কার করে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন।
নোয়াখালী উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুল বারী বাবলু জানান, এলাকার খালগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষকের মাঠের ফসলের অনেক ক্ষতি হয়েছে। ডুবে গেছে অধিকাংশ ফসল। এ জন্যই এ উদ্যোগ নেয়া হলো। অনেক খাল পরিস্কার করতে গিয়ে বাধা পেয়েছি।
সুবর্ণচর নবপ্রত্যয় যুব সংগঠনের সভাপতি খন্দকার দিদারুল আলম বলেন, আমাদের সংগঠনটির সদস্যরা সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। সুবর্ণচরের বিভিন্ন খালে পানি আটকে কৃষকের ধান ও ফসল পানিতে তলিয়ে নষ্ট হওয়ার উক্রম হওয়ার পথে। বর্তমানে অতিবৃষ্টি ও বন্যায় স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত অনেককে সহযোগিতা করেছি। এবং সকলে একসাথ হয়ে এলকার কৃষকদের জন্য খালগুলো পরিস্কারে কাজ করেছি এবং আমরা উপজেলার কিছু সড়কে নির্বিগ্নে যাতায়াতের জন্য খানাখন্দ সংস্কার করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, তরুণ-যুবকদের এমন কাজকে স্বাগত জানাই। আজ তারা যে উদ্যোগ নিয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। তাদের মতো সমাজের আরও স্বেচ্ছাসেবীসহ ভালো মানুষগুলো এগিয়ে এলে ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধান করা সম্ভব। এ ধরনের কাজে এগিয়ে আসা মানুষজনকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি।
আপনার মতামত লিখুন :