
উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্যসমস্যা হলেও অজ্ঞতা, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে এখনও অনেক নারী এ সমস্যায় ভুগছেন। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। তিনি বলেন, নোয়াখালী জেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপপরিচালক (পরিবার পরিকল্পনা) আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ২০৩০ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, কম বয়সে গর্ভধারণ, ঘনঘন সন্তান জন্মদান এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. আবু নাসের মো. লুৎফুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান খায়ের চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম কেয়া, পরিসংখ্যানবিদ লাইজু ইয়াসমিন, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার ডা. সাদিয়া শামরিন হৃদি, জাপাইগো’র এসআরএইচআর সমন্বয়কারী ডা. মেহবুবা নুর প্রথা, জেলা পাবলিক হেলথ নার্স রেখা রাণী মজুমদার, হোপ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. সাদিকুল ইসলাম, ফিস্টুলা সারভাইভার জান্নাতুল ফেরদৌস ও জহুরা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মো. আলতাফুর রহমান।
পুনর্বাসন সহায়তা হিসেবে সিআইপিআরবি’র উদ্যোগে অনুষ্ঠানে ২জন ফিস্টুলা সারভাইভারকে ১টি করে সেলাই মেশিন হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে ফিস্টুলা নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে এবং নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে। ফিস্টুলা রোগীদের বিনামূল্যে সেবার জন্য ০১৭১২-২৩৮৪৯৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :