
নিজস্ব প্রতিনিধি, ফেনী : সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার, দেশীয় শাসকদের নতজানু নীতির প্রতিবাদ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফেনীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় ফেনী শহরের সোনালী মার্কেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের অংশ হিসেবে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট বিমল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সুকান্ত শফি কমল, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর আলম মিঠু এবং বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড বিটুল তালুকদার।
সভা পরিচালনা করেন বাসদ ফেনী জেলা আহ্বায়ক মালেক মনসুর। কর্মীসভায় স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হারাধন চক্রবর্তী, সিরাজ উল্লাহ এবং বাসদ (মার্কসবাদী)-এর নেতা জামশেদ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, বন্দর ও কৌশলগত সম্পদের ওপর বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। তারা সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধনীতি এবং দেশীয় শাসকদের জনগণবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের উদ্যোগ বন্ধের দাবি জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :