
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গোপালপুর আলী হায়দার বিদ্যালয়ের সভাকক্ষে বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গোপালপুর বাজারে মাদকবিরোধী র্যালি বের করা হয়।
গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ অতিরিক্ত সার্কেল আ.ন.ম ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান।
এ সময় ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দিন রাসেল, এসআই আবদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের কারণে সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা গোপালপুর বাজার থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করে র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :