
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : আগামী ২৫ আগস্ট বাজবে ছোট ভাইয়ের বিয়ের সানাই, বাড়িতে চলছিল শেষ মুহূর্তের আনন্দ-উচ্ছ্বাস। কিন্তু এক রাতের ব্যবধানে সেই উৎসবে নেমে এলো চরম হতাশা। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসী ইউনুস রুবেলের বাড়িতে হানা দিয়ে বিয়ের সমস্ত গয়না ও নগদ অর্থ নিয়ে গেছে ডাকাতরা।
উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী এলাকার অনু মাঝি বাড়িতে এই ঘটনা ঘটে। বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে এলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, গভীর রাতে ৪–৫ জনের একটি ডাকাত দল ভবনের এসএস গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা আলমারি ও ওয়ারড্রব ভেঙে রুবেলের ছোট ভাইয়ের বিয়ের জন্য সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নেয়। একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি আঁচ করতে পারলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তারা ফেলে যায় একটি ধারালো দা, দুটি রড ও এক জোড়া স্যান্ডেল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহসহ জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।
আপনার মতামত লিখুন :