
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : সদর উপজেলার করমুল্যা ইউনিয়নের ব্রিক ফিল্ড শ্রমিক মো. উলি উদ্দিন ভূঁইয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা এসব দাবি জানান। এ সময় নিহত উলি উদ্দিন ভূঁইয়ার বড় ছেলে আজাদ ভূঁইয়াসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ২০১৯ সালে উলি উদ্দিন ভূঁইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পাশাপাশি হাত-পায়ের রগ কেটে দেওয়া এবং নখ উপড়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবি, এ ঘটনায় মামলা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা প্রত্যাশিত ন্যায়বিচার পাননি। মামলার এজাহারভুক্ত ও তদন্তে উঠে আসা আসামিদের মধ্যে রাশেদ বর্তমানে গ্রেপ্তার থাকলেও অন্য কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে নিহতের বড় ছেলে আজাদ ভূঁইয়া বলেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে গ্রেপ্তার আসামি রাশেদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মামলার পলাতক আসামি ফারুক, সুজনসহ অন্যদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তাদের দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান স্বজনরা।
এ সময় পরিবারের পক্ষ থেকে উলি উদ্দিন ভূঁইয়া হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করারও আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :