
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে সচেতনতার বার্তা দিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের শিক্ষার্থীরা। একই সঙ্গে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থেকে উন্নত চরিত্র গঠনের শপথ নিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন শিক্ষার্থীদের শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার পাশাপাশি নৈতিকতা ও উন্নত চরিত্র গঠনের অঙ্গীকার করে।
ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীরা প্রতীকীভাবে মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখিয়ে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।
আপনার মতামত লিখুন :