
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে চোলাই মদ (পঁচুই) ও বাংলা মদ সংরক্ষণের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গণিপুর রবিদাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—প্রদীপ রবি দাস, আলো রবি দাস ও গণি রবি দাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণিপুর রবিদাসপাড়া এলাকায় চোলাই মদ (পঁচুই) সংরক্ষণের অপরাধে প্রদীপ রবি দাস ও আলো রবি দাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় অপরাধী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে চার মাস করে কারাদণ্ড দেন।
অন্যদিকে, একই এলাকায় বাংলা মদ সংরক্ষণের অপরাধে গণি রবি দাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৫ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন, বেগমগঞ্জ জানিয়েছে, মাদকের দৌরাত্ম্য থেকে সমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :