
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে লক্ষীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহ জালাল উদ্দীন লিটন। খেলা উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান চুট্টি।
ফাইনাল খেলায় বিদ্যালয়ের দশম শ্রেণির একাদশ ও নবম শ্রেণির একাদশ এর মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত নবম শ্রেণির একাদশকে ২-০ গোলে পরাজিত করে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেণির একাদশ।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতেই এ ধরনের আন্তঃশ্রেণি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিতভাবে ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন :