প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বেগমগঞ্জে ডিবির অভিযানে ৪ গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অন্য অভিযানে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার দুইজনকে সংক্ষিপ্ত বিচার আদালত কারাদণ্ড ও জরিমানা করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা ও কলেজ রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার নরোত্তমপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সুতার বাড়ির রাস্তার আমিন ভিলা নামের একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ সাহাব উদ্দিন (৪৮), মাহবুবুর রহমান সুজন (৩৮), মোঃ ফয়সাল (৩৫) ও এক নারীকে আটক করা হয়। পরে ওই নারীর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাহাব উদ্দিনের বাড়ি চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায়, মাহবুবুর রহমান সুজন ও মোঃ ফয়সালের বাড়িও বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেপ্তারদের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে মাকসুদুর রহমান (৪০) ও আবু বক্কর সিদ্দিক (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত মাকসুদুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আবু বক্কর সিদ্দিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি থেকে জানায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই মো. ওসমান গনি ও তার সঙ্গীয় ফোর্স চৌমুহনী পৌরসভার ৭ নং ওয়ার্ডে এবং এসআই মোঃ নুরুল আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ চৌমুহনী পৌরসভার ৬ নং ওয়ার্ডে অভিযানে অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর