প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর উদ্দিন রুবেল এর সঞ্চালনা ও  কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস ও চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এ বি এস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আলহাজ্ব মো. ফখরুল ইসলাম বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের এই কৃতি শিক্ষার্থীরা আমাদের গর্ব। তোমাদের সাফল্য যেন ভবিষ্যতে আরও বড় অর্জনের সিঁড়ি হয়।”

প্রধান বক্তা আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “জিপিএ-৫ অর্জন সহজ নয়। তোমাদের পরিশ্রম ও নিষ্ঠার ফল আজ প্রকাশ পেয়েছে। এই সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষায়ও এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ১২১ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট, সনদ, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করে সম্মানিত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর