
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : সুবর্ণচরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বশির আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ বেলাল হোসেন সুমন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আজগর উদ্দিন দুখু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ।
এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষানুরাগীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ছয় কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় কৃতি শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের অনুভূতি প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। অভিভাবকেরা এ ধরনের উদ্যোগ নেওয়ায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদকে ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাবে। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।
আপনার মতামত লিখুন :