
স্টাফ রিপোর্টার : সুধারামে ওমান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর আক্তার মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, রাত ২টার দিকে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওমান প্রবাসী সাইফুল ইসলামের বাড়ির প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ঘরের তিনটি স্টিলের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬৫ হাজার টাকা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ওমান প্রবাসী সাইফুল ইসলাম বলেন, ডাকাতরা ঘরে ঢুকে প্রথমে তার হাত-মুখ বেঁধে মাথায় অস্ত্র ঠেকায়। পরে তার বয়োবৃদ্ধা মা নূর নাহার বেগম (৬০), স্ত্রী রাসেদা আক্তার সাথী (৩০) এবং ওমান প্রবাসী বড় ভাই নজরুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪০) কে জিম্মি করে। এরপর তারা দীর্ঘ সময় ধরে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে তিনটি স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. টিপু সুলতান বলেন, সাম্প্রতিক সময়ে সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া, ১৯ নম্বর চরমটুয়া ও ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নে মাদক বিক্রি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে।
আপনার মতামত লিখুন :