
স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে কিশোর গ্যাং ও মাদকসেবীদের হামলায় বাবা ও তার দুই ছেলে আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার রাজগঞ্জ বাজারের মাদরাসা গেটের সামনে এ ঘটনা ঘটে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।
আহতরা হলেন রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির শামসুল হকের ছেলে হাফেজ আহম্মদ এবং তার দুই ছেলে সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম ইয়াসিন।
আহতদের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সাইফুল ইসলামকে একা পেয়ে হারুন, রানা, জুয়েল, রায়হানসহ কয়েকজন হামলা করেন। পরে সাইফুলকে বাঁচাতে তার বাবা হাফেজ আহম্মদ ও ভাই শহীদুল ইসলাম ইয়াসিন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে তিনজনই আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
আহত শহীদুল ইসলাম ইয়াসিন বলেন, ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাড়িতে যাওয়ার পথে জুয়েল ও রোকনসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য আমাদের গতিরোধ করে। তারা মোটরসাইকেল, মানিব্যাগ ও সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেয়ার কথা বলে পরদিন আবার আমাদের দুই ভাই ও বাবার ওপর হামলা করা হয়।
তবে হামলার অভিযোগের বিষয়ে হারুন, রানা, জুয়েল ও রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের হাসপাতালে একজনকে ভর্তি দেয়া হয়েছে। কিছু পরীক্ষা দেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘আমরা কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :