
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণকাজে ব্যবহৃত একটি ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাবিবপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :