প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৬

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

নোয়াখালীর কথা ডেস্ক : দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

দাম বাড়ানোর বিষয়ে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর, ২০২৬ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৮০ মার্কিন ডলার এবং ৭৩০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৭১২.৫০ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর, ২০১৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হলো। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে রাজধানীসহ দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ১৬ জেলায় ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোয় ওই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২৩টি টিমের একযোগে পরিচালিত ওই অভিযানে নানা অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে বিশেষ ওই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তা বিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না— এসব বিষয়গুলো যাচাই করা হয়।

এ ছাড়াও অভিযানে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয় এবং দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের পাশাপাশি নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ভোক্তারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১- এ অভিযোগ জানাতে পারবেন। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর