প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৬

প্রবাসীর স্ত্রীকে রাস্তায় ফেলে নির্যাতন, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে দখলীয় জায়গা থেকে কলাগাছ কাটার প্রতিবাদ করায় এক প্রবাসীর স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে চাচা শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলীহাসিমপুর এলাকার একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ফারহানা আক্তার (২৭) ওই এলাকার সৌদি আরব প্রবাসী কাউছার হাসানের স্ত্রী। এ ঘটনায় তিনি বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফারহানার চুলের মুঠি ধরে টানতে টানতে মাটিতে ফেলে দেন আবুল হোসেন। এ সময় তার হাতে একটি লম্বা ছুরি দেখা যায়। মাটিতে পড়ে যাওয়ার পরও ফারহানাকে ছেড়ে না দেয়ার দৃশ্য দেখা যায় ভিডিওতে।

ফারহানার অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির বাসিন্দা আবুল হোসেন (৫০) ও তার স্ত্রী রৌশন আক্তারের (৪৫) সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর আগেও তাদের দখলীয় জায়গা থেকে গাছপালা কেটে নেয়ার অভিযোগ করেছিলেন ফারহানা।

শনিবার দুপুরে অভিযুক্তরা তাদের দখলীয় জায়গায় থাকা কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন ফারহানা। এ সময় তিনি গাছ কাটার প্রতিবাদ করলে আবুল হোসেন ও রৌশন আক্তার তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ফারহানার অভিযোগ, প্রথমে আবুল হোসেন তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে দেন। পরে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। একপর্যায়ে আবুল হোসেন তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং হাতে থাকা দা দিয়ে কোপ দেয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে রৌশন আক্তার কাঠ দিয়ে তার মাথা, ঘাড় ও কোমরে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফারহানা আরও অভিযোগ করেন, তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে তাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফারহানাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফারহানা আক্তার বলেন, আবুল হোসেন আমার চাচা শ্বশুর। তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ। আগে কোনো প্রমাণ না থাকায় বিচার চেয়েও পাইনি। আমি ন্যায়বিচার চাই।

অভিযোগের বিষয়ে আবুল হোসেনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে তার স্ত্রী রৌশন আক্তার বলেন, আমার স্বামী বাড়িতে নেই। তিনি কোথায় গেছেন, আমরা জানি না। তবে ঘটনা ঘটেছে, এটা সত্য। যা হওয়ার হয়েছে। আমরা পারিবারিকভাবে এর সমাধান চাই।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, এ বিষয়ে নিকটস্থ ফাঁড়িতে অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ তাদের বাড়িতে গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর