প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬

আমেরিকান প্রবাসীর ভাড়া বাসায় হামলা-লুটপাট, দাবি ২ লাখ টাকা চাঁদা

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : চাটখিল পৌরসভায় এক আমেরিকান প্রবাসীর ভাড়া বাসায় চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও অলংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রবাসীর শ্বশুরসহ তিনজন আহত হয়েছেন। গত সোমবার (১২ অক্টোবর) পৌরসভার আইডিয়াল স্কুলসংলগ্ন ‘হাসান-হোসেন টাওয়ার’-এর তৃতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন প্রবাসীর শ্বশুর হাফিজ আহমেদ এবং তাঁর ছেলে ও মেয়ে।

ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই ভবনের মালিক ইয়াসিন কবির ও তাঁর বোনের জামাতা জাকির গাজীর সঙ্গে প্রবাসীর পরিবারের দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, বাড়িওয়ালা ও তাঁর আত্মীয়রা ভুক্তভোগী পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিরোধের জের ধরে প্রবাসীর বাসার ওয়াই-ফাই (Wi-Fi) সংযোগের তার কেটে দেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ করলে গৃহপরিচারক ও মিস্ত্রিদের দিয়ে পরিবারটিকে ভয়ভীতি ও হুমকি দেখানো হয়। পরে ভবনমালিক ইয়াসিন কবির ও তাঁর বোনকে বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।

পরিবারের স্বজনরা জানান, গত ১২ অক্টোবর ঘটনার সময় জাকির গাজীর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল হঠাৎ বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়। সিসিটিভি  ফুটেজে দেখা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে হাফিজ আহমেদ ও তাঁর ছেলে-মেয়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা বাসার ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় জাকির গাজী, ইয়াসিন কবির, সাগর, ইরফান, সেলিনা, সালমা, নাজু ও পিনুসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা। তাঁদের অভিযোগ, চিহ্নিত ব্যক্তিদের সরাসরি প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতাতেই এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।

ভুক্তভোগীদের আরও দাবি, ঘটনার পরপরই তাঁরা চাটখিল থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন

  • . এর আরও খবর