
উপজেলা সংবাদদাতা, কবিরহাট :: কবিরহাটে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হুমায়ুন কবির নামে এক শিক্ষক। এ ঘটনায় এক নবম শ্রেণির ছাত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কবিরহাট বাজারে সংবাদ সম্মেলনে কবিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির দাবি করেন, ওই ছাত্রী তাঁকে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এরপর ছাত্রীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে অসত্য ও আপত্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষক আরও বলেন, এ ঘটনায় তিনি সামাজিক ও মানসিকভাবে বিব্রত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কবিরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি নিজের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রী ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :