প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি, ভাঙন আতঙ্কে হাতিয়ার মানুষ

উপজেলা সংবাদদাতা, হাতিয়া :: মেঘনার ভয়াবহ নদীভাঙন থেকে বসতভিটা, ফসলি জমি ও জনপদ রক্ষায় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের বাসিন্দারা।

শনিবার সকালে নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে মেঘনা নদীর তীরে আয়োজিত মানববন্ধনে নয়টি গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাঁরা আগামী বর্ষার আগেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরের মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে নলচিরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনের আগে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়ার নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা তার বাস্তবায়ন চান।

বক্তারা আরও বলেন, সাময়িক উদ্যোগ নয়, নদীর গতিপ্রকৃতি বিবেচনায় নিয়ে পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, স্থানীয় ইউপি সদস্য, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর