প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬

জুলাই সনদ অবহেলা করলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে: ইসহাক খন্দকার

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: জুলাই সনদ ও গণভোটে জনগণের রায় যথাযথভাবে মূল্যায়ন না করলে সরকারকে শেখ হাসিনার সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

সোমবার (২৬ অক্টোবর) পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে চাটখিল পৌরবাজারে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসহাক খন্দকার বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭১ শতাংশ মানুষের রায় ও ঐতিহাসিক জুলাই সনদকে সম্মান জানাতে হবে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পানি ও সারের সংকট নিরসন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের দাম কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে কোনো চক্রান্ত করা হলে আগামী ডিসেম্বর থেকে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে।

চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে সমাবেশে জেলা ও উপজেলা জামায়াত এবং ছাত্রশিবিরের নেতারা বক্তব্য দেন। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর