
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জ উপজেলায় শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দশম শ্রেণীর শেষ ক্লাস ডে তে ছাত্র ছাত্রী আর প্রতিষ্ঠানটির আরবী প্রভাষক ওবায়দুল আকবার ফরহাদের করা টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। তাদের তৈরি করা টিকটক ভিডিওটি সিয়াম নামের এক আইডিতে সোমবার (২৬ অক্টোবর) সকালে পোস্টের পর সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে ভাইরাল হওয়ার পর মাদ্রাসাটি সোমবার দুপুরে এ বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন, একই প্রতিষ্ঠানের আরবী প্রভাষক শহিদ উল্যাহ, ইংরেজি প্রভাষক আবু সাঈদ, সহকারী শিক্ষক (গণিত) আব্দুল করিম। ওই নোটিশে বলা হয় দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য।
৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ওই শিক্ষক শ্রেণী কক্ষে ধারণ করা ওই টিকটকে মোবাইলের সামনে এসে একবার হাত দেন, এরপর ছাত্ররা, তারপর ছাত্রীরা। এভাবে তারা একের পর একে ফের এসে ভিডিওটি তৈরি করেন। পরে মিউজিকযোগ করে তা টিকটকে দেয়া হয় এবং মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ফেসবুকে।
ভিডিওর মন্তব্য ঘরে অনেকে লিখেছেন, কোম্পানীগঞ্জের শীর্ষ একটি বিদ্যাপীঠ হিসেবে ‘শরাফতিয়া মাদ্রাসা’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খারাপ বার্তা দেবে।।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি নজরে আসার সঙ্গে সঙ্গেই মাদ্রাসার শৃঙ্খলা বজায় রাখতে প্রভাষক শহিদ উল্যাহকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :