
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার :: নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিজস্ব বাস সার্ভিস চালুর উদ্যোগ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে নোয়াখালী সরকারি কলেজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দুটি বাস চালুর মাধ্যমে এ সার্ভিসের কার্যক্রম শুরু হবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে পরিবহন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেন কলেজ কর্তৃপক্ষ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম, পরিবহন সংক্রান্ত কমিটির সমন্বয়ক ও উপাধ্যক্ষ প্রফেসর মো. সানা উল্লাহসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
কলেজ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দুটি বাস চালু করা হবে। এর মধ্যে একটি বাস সোনাইমুড়ী থেকে মাইজদী বাজার পর্যন্ত এবং অপরটি কবিরহাট থেকে মাইজদী বাজার রুটে চলাচল করবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ নভেম্বর নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বাস সার্ভিস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দীর্ঘদিন ধরে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা দুর্বল থাকায় দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বাস ও সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করতে হতো। এতে চালকদের অসচেতনতার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। এসব দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি অনেকে গুরুতর আহত হয়েছেন বলে জানান নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম রিয়াজ।
তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে নোয়াখালী সরকারি কলেজের যাতায়াত ব্যবস্থা অনেক দুর্বল ছিল। দূরদূরান্তের শিক্ষার্থীরা বিভিন্ন বাস ও সিএনজির মাধ্যমে যাতায়াত করতেন। এতে চালকদের অসচেতনতার কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি অনেকে গুরুতর আহত হয়েছেন। আশা করি, কলেজের নির্দিষ্ট বাস চলাচলের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগ কমানোর পাশাপাশি দুর্ঘটনা এড়ানো অনেকাংশে সম্ভব হবে।”
এদিকে, বাস সার্ভিস চালুর চুক্তি সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা।
তারা জানান, শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি নিরসনে বাস সার্ভিস চালুর উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবি আদায়েও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নোয়াখালী সরকারি কলেজের পরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :