
উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিল উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে স্থানীয় আলিম মাদ্রাসা মাঠে এই সংক্ষিপ্ত পরিচিতি সভার আয়োজন করা হয়।
চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিব হোসেন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব অশ্রু বিন্দু পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন। এ সময় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থেকে সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাটখিলের মাটিতে ছাত্রদলকে একটি সুসংগঠিত ও অপরাজেয় শক্তিতে পরিণত করতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজপথের যেকোনো কঠিন লড়াই-সংগ্রামে চাটখিল উপজেলা ছাত্রদল বরাবরের মতোই সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব রাকিব হোসেন রাজ তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, “নতুন এই কমিটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা রাজপথে আপসহীন থাকবে। কোনো অন্যায়-অবিচার ও স্বৈরাচারী মনোভাবকে ছাত্রদল প্রশ্রয় দেবে না। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করব এবং সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে চাটখিলকে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলব।
পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে মাদ্রাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি চাটখিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের আকাশ কাঁপানো স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চাটখিল বাজার এলাকা। পরে র্যালিটি পুনরায় আলিম মাদ্রাসা মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
আপনার মতামত লিখুন :