প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে ইয়াবাসহ আটক হওয়ার পর যুবদল নেতা বহিষ্কার

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক যুবদল নেতা মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

শনিবার (৭ নভেম্বর) রাতে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) আটক করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

এদিকে, ইয়াবাসহ আটকের ঘটনায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মো. মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে সুবর্ণচর উপজেলা যুবদল।

উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্যসচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন