
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: ‘সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নোয়াখালীর সেনবাগে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমবায় কর্মকর্তা অরুণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. ইরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব মো. শহিদ উল্লাহ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুল হান্নান লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ, কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম ও আইসিটি কর্মকর্তা আবদুর রহিম।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, সেনবাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আপনার মতামত লিখুন :