প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৬

নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের। সোমবার (৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান বলেন, আজকের দিনটি অন্য দিনের মতো নয়। এ সকাল একটি ভবিষ্যতের বীজ বপন করছে, যা একদিন মহীরুহে পরিণত হয়ে এ অঞ্চলকে আলোকিত করবে। তিনি শ্রদ্ধার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, তাঁর উদ্যোগে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টি অবস্থান তৈরি করেছে, যা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ অঞ্চলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হলো। একদিন এ প্রতিষ্ঠান সগৌরবে মাথা তুলে দাঁড়াবে। এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার দায়িত্ব সবার। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে।

মহতী এ উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানিয়ে তিনি স্কুল অ্যান্ড কলেজের জন্য জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বক্তব্যে তিনি বলেন, আজকের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের প্রয়োজন হয়। এ প্রতিষ্ঠান তাঁদের সেই সুযোগ তৈরিতে সহায়ক হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন যেমন এখানকার মানুষের অর্জন, তেমনি এর উন্নয়ন ও অগ্রযাত্রার সঙ্গে এ অঞ্চলের মানুষের প্রত্যাশাও গভীরভাবে জড়িয়ে রয়েছে। স্থানীয় জনগণকে একটি জ্ঞানভিত্তিক ও শিক্ষিত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত এ প্রতিষ্ঠান একদিন শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানকার শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

তিনি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণ, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নোবিপ্রবি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৩-০৪ অর্থবছরে নোয়াখালী সদর উপজেলায় মোট ১০০ একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে চর সল্লা মৌজার ৭৬ নম্বর দাগের ১ দশমিক ৩৩ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটির অধিগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৮ সালে হাইকোর্টে রিট করা হয়। পরবর্তী সময়ে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুল খারিজ করে আগের স্থিতাবস্থার আদেশ প্রত্যাহার করেন। এ-সংক্রান্ত আপিলের অনুমতি চেয়ে আবেদন আপিল বিভাগে বিচারাধীন থাকলেও জমির ওপর কোনো স্থগিতাদেশ বা স্থিতাবস্থার আদেশ কার্যকর নেই বলে গত ২৯ সেপ্টেম্বর দেওয়া মতামতে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতামতে জমি পুনরুদ্ধার, অননুমোদিত স্থাপনা উচ্ছেদ এবং সেখানে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ শুরুর ক্ষেত্রে আইনগত বাধা নেই বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। ২০২৬-২৭ অর্থবছরে অর্থায়নে নেওয়া প্রকল্পটির মেয়াদ ১৮ মাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিএনপির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, প্রকল্প পরিচালক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা এবং নোয়াখালী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর