
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার :: দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নিয়ে মাইজদীতে মতবিনিময় সভা করেছে বিএনপি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর রশিদ কলোনিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের বাসভবনে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা জরুরি। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি জনগণের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
সভায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিটের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :