
নিজস্ব প্রতিবেদক :: জেলার অন্যতম প্রধান পানি নিষ্কাশন পথ নোয়াখালী খাল অস্তিত্ব সংকটে পড়েছে। দীর্ঘদিনের দখল, ভরাট ও দূষণে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বেগমগঞ্জের চৌমুহনী বাজার এলাকায় খালের দুই পাড় দখল করে দোকানপাট, মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করায় সংকুচিত হয়ে পড়েছে এর প্রশস্ততা। একই সঙ্গে খালে অবাধে ময়লা-আবর্জনা ফেলায় পানি চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নোয়াখালী খালের বিভিন্ন অংশে ৩০ থেকে ৩৫ মিটার প্রশস্ততা থাকলেও চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া সেতু থেকে রাবেয়া হাসপাতাল পর্যন্ত অংশে কোথাও কোথাও খালের প্রশস্ততা কমে ১২ থেকে ১৮ মিটারে দাঁড়িয়েছে। অর্থাৎ ৩৫ মিটার প্রশস্ত খালের প্রায় ২০ মিটার পর্যন্ত জায়গা বেদখল হয়ে গেছে। বিশেষ করে মদন মোহন স্কুলের মালিকানাধীন মার্কেট এলাকায় খালের প্রশস্ততা মাত্র ১২ মিটার পাওয়া গেছে বলে জানা গেছে।
খালের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের পাশাপাশি নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে অনেক স্থানে পানিপ্রবাহের পথ সংকুচিত হয়ে পড়েছে। কোথাও কোথাও খালের ভেতরে আবর্জনা জমে ছোটখাটো স্তূপ তৈরি হয়েছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমের আগে খালটি দখলমুক্ত ও খনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করা না হলে চৌমুহনী বাজারসহ আশপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
ঐতিহাসিকভাবে নোয়াখালীর পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণে এ খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নোয়াখালী অঞ্চলকে নদীভাঙন ও বন্যার ঝুঁকি থেকে রক্ষায় ১৯৫৪ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ক্রসড্যাম বা ওবায়দুল্লার বাঁধ নির্মাণ করা হয়। তবে পরবর্তী সময়ে পলি জমে নদী ও খালের বিভিন্ন অংশ ভরাট হতে থাকে। সৃষ্টি হয় নতুন নতুন চর। বিশেষ করে নোয়াখালী খালের দক্ষিণাংশ ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে কোম্পানীগঞ্জ, কবিরহাট, নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায়। এসব এলাকার মানুষকে বছরের বিভিন্ন সময়ে জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ দখলের কারণে খালটির স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে। এর ফলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। জলাবদ্ধতায় প্রতিবছর মানুষের হাজার হাজার কোটি টাকার সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ পরিকল্পিতভাবে খালটি উদ্ধার, পুনঃখনন ও রক্ষণাবেক্ষণের কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।
খাল উদ্ধারে আইনি নির্দেশনা
নোয়াখালী খালসহ বেগমগঞ্জের সরকারি খালগুলো উদ্ধারে মূল সিএস খতিয়ান ও মৌজা ম্যাপ অনুযায়ী প্রকৃত সীমানা নির্ধারণের দাবি উঠেছে। সরকারি খাল খনন ও সীমানা নির্ধারণের ক্ষেত্রে ব্রিটিশ আমলের সিএস খতিয়ান এবং মৌজা ম্যাপকে ভিত্তি হিসেবে বিবেচনা করে খালের প্রকৃত অবস্থান ও প্রবাহ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী সরকারি খাল ও প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন, ভরাট এবং অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ ও ৮ ধারায় জলাধারের শ্রেণি পরিবর্তন ও অবৈধ দখল-ভরাটের বিরুদ্ধে আইনি বিধান রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ব্যক্তিস্বার্থে কোনো সরকারি খাল বা জলাশয়ের জমির শ্রেণি পরিবর্তন করে নাল, ভিটি কিংবা দোকান হিসেবে দেখানোর অভিযোগ থাকলে তা যথাযথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রকৃত সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় খননকাজ সম্পন্ন করা জরুরি।
জেলার লাখ লাখ মানুষের জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ কমাতে নোয়াখালী খালকে দখল ও দূষণমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, খালটি শুধু একটি জলপ্রবাহের পথ নয়, এটি পুরো অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে খাল দখলের সুযোগ না দিয়ে প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে খালটির পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং পুনঃখনন করতে হবে।
জেলার মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ লাঘবে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নোয়াখালী খাল বাঁচলে বাঁচবে জনপদ, রক্ষা পাবে মানুষের জীবন-জীবিকা ও সম্পদ।
আপনার মতামত লিখুন :