প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে ২০ শতক জমির টমেটো গাছ কেটে সর্বনাশ, প্রতিকার চেয়ে কৃষকের লিখিত অভিযোগ

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের ১নং ওয়ার্ডের দরিদ্র কৃষক মো. মনির আহাম্মদের ২০ শতক জমিতে চাষ করা সব টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় খেতে গিয়ে নিজের হাতে গড়ে তোলা টমেটো গাছগুলোর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। ক্ষতিগ্রস্ত গাছগুলোর পাশে বসে আহাজারি করেন এই কৃষক। এ বিষয়ে আজ বিকেলে ভুক্তভোগী মনির আহম্মদ বাদী হয়ে উপজেলার চর জব্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাফর ও সাইফুলের বিরুদ্ধে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও চর জব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উন্নত জাতের হাইব্রিড টমেটোর বীজ সংগ্রহ করে আগাম চাষের উদ্যোগ নেন কৃষক মনির আহাম্মদ। দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয় করে সারিবদ্ধভাবে গাছগুলো বড় করে তোলেন তিনি। প্রতিটি গাছের গোড়ায় খুঁটি দিয়ে লতানো ডালপালা বেঁধে যত্নসহকারে পরিচর্যা করেন। গাছগুলোতে ফুল আসার পাশাপাশি ইতোমধ্যে টমেটো ধরতেও শুরু করেছিল। আর মাত্র দুই সপ্তাহের মধ্যে ফলন সংগ্রহ করে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার প্রত্যাশায় যখন স্বপ্ন বুনছিলেন, ঠিক তখনই তাঁর অনুপস্থিতিতে কে বা কারা পুরো জমির টমেটো গাছের গোড়া কেটে দেয়। এতে আসন্ন ফসল ঘিরে তাঁর সব স্বপ্ন ও প্রত্যাশা ভেঙে পড়েছে।

কৃষক মনির আহাম্মদ স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত আনন্দ বাজার সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য। ঘটনার পরপরই তিনি বিষয়টি সমিতিকে অবহিত করেন। খবর পেয়ে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা সরেজমিনে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত টমেটো খেত পরিদর্শন করেন।

এ বিষয়ে সমিতির সভাপতি মো. বাবুল বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছ বা সবজি ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ ধরনের কাজ করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ক্ষতিগ্রস্ত কৃষক মনির আহম্মদের দাবি, ধারদেনা করে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে ২০ শতক জমিতে টমেটো চাষ করেছিলেন। আর মাত্র দুই সপ্তাহ পর ফলন সংগ্রহের কথা ছিল। তাঁর ধারণা, ওই জমির টমেটো বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় করা সম্ভব হতো। কৃষিকাজের প্রতি ভালোবাসা থেকে ইটভাটায় কাজ করতে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে তিনি এই চাষাবাদে বিনিয়োগ করেছিলেন।

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষককে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর