প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২৫

চাটখিলে শেখ হাসিনার ছবি দিয়ে বই উৎসব পালিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলায় দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সমাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ সময় বই উৎসবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা তাজুল ইসলাম ও একই বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা মাসুদ আলম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, ‘আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়েছে।’

চাটখিল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হান্নান পাটওয়ারি বলেন, ‘বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর