
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেয়ার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে হারুন অর রশিদ নামক একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক্সেভেটর দিয়ে আবাদি কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির প্রমাণ পেয়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষি জমির টপ সয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।
আপনার মতামত লিখুন :