
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে নজিবা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৮নং সুইজের দক্ষিণ পাশে একটি ক্রয়কৃত জমিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সচেতন মহলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, নজিবা খাতুন যে ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করেছেন, বাস্তবে ওই স্থানে তেমন কোনো ঘটনাই সংঘটিত হয়নি। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ব্যক্তিগত স্বার্থে মানুষকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে বলে তাদের দাবি।
বক্তারা আরও জানান, অভিযুক্ত নজিবা খাতুন গত ৪ জানুয়ারি নোয়াখালী আদালতে ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবু তাহের, ওবায়দুল হক, আব্দুল আলিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় যে সকল অভিযোগ উল্লেখ করা হয়েছে, সে ধরনের কোনো ঘটনা স্থানীয়ভাবে কেউ দেখেনি বা জানে না। এলাকাবাসীর মতে, মামলার অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
জানা যায়, অভিযুক্ত নজিবা খাতুনের বাড়ি সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৮নং সুইজের দক্ষিণ পাশে নিজাম। অপরদিকে মামলায় আসামি করা ব্যক্তি আবু তাহেরের বাড়ি একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসু ফরাজির বাড়ি।
অভিযোগের বিষয়ে নজিবা খাতুনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বাড়িতে অনেক ঘটনা ঘটেছে। পরে সরেজমিনে যাওয়ার কথা জানানো হলে তিনি বলেন, বিষয়টি সমাধানের জন্য ‘আমানত দেওয়া হয়েছে’ এবং এ নিয়ে সংবাদ প্রকাশের প্রয়োজন নেই বলে ফোন কল কেটে দেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। পাশাপাশি মিথ্যা মামলার মাধ্যমে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :