
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ডাকাতির চেষ্টাকালে মো. ওমর ফারুক (২৮) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ফারুক বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের নেতা ও সাবেক ওর্য়াড ছাত্রদলের সেক্রেটারি ছিল এবং ওই এলাকার দিনমজুর ফিরোজ আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে আনুমানিক ভোর ৪টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর এলাকার ‘ছাদেক বিএসসির বাড়ি’র সুমনের মালিকানাধীন একটি ভবনে ডাকাতির চেষ্টা চালানো হয়। ওই সময় বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা একটি বিয়ের দাওয়াতে বাইরে থাকায় ভবনটি ফাঁকা ছিল।
পার্শ্ববর্তী ভবনের বাসিন্দারা দেয়ালে সিঁদ কাটার শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে তিনজনকে দেখতে পান। তারা তাৎক্ষণিকভাবে চিৎকার না করে মোবাইল ফোনে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। অল্প সময়ের মধ্যেই গ্রামবাসী এসে ভবনটি চারদিক থেকে ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝে দুজন ডাকাত ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেও ফারুককে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে জনতা।
আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বলেন, “খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সিরাজপুর ইউনিয়ন থেকে জনতার হাতে আটক ফারুককে উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
আপনার মতামত লিখুন :