• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরে কর্মরত সুবর্ণচরের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরের চরআমান উল্লাহ ইউনিয়নের বাসিন্দা গাজীপুরে কারখানা শ্রমিক হিসেবে কর্মরত আমজাদ হোসেন দিপু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশেষ কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর আনুমানিক সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে জুয়েল সরকারের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আমজাদ সুবর্ণচরের চর আমান উল্লাহ ইউনিয়নের সাতাইশ দ্রোন গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে তিনি গাজীপুরে ‘হ্যান্ডস’ নামক একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

ঘটনার বিষয়ে জানা যায়, আমজাদ তার দুই সহকর্মীর সঙ্গে ওই বাসায় ভাড়া থেকে চাকরি করতেন। প্রতিদিনের মতো তার দুই সহকর্মী কাজে গেলেও আমজাদ সেদিন বাসায় অবস্থান করেন। রাতে কাজ শেষে সহকর্মীরা ফিরে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে তারা আমজাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন দিপু শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। চলতি মাসের ১৩ তারিখে (জাতীয় নির্বাচনের পরের দিন) পারিবারিকভাবে তার বিয়ে অনুষ্ঠিত হয়। তাদের পারিবারিক কোনো বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার তথ্য পাওয়া যায়নি। তবুও কেন তিনি এমন পথ বেছে নিলেন, বিষয়টি এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় আমজাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর