
ক্রীড়া প্রতিবেদক :
মোহামেডান স্পোর্টিং ক্লাবের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল শুক্রবার। চারদিনে ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে চারটি সভাপতি এবং ৩২টি পরিচালক পদে। নির্বাচনে সভাপতি পদে বরকত উল্লাহ বুলুর পর কাল আরও তিনজন সভাপতি পদে মনোনয়ন কিনেছেন। তারা হলেন-সাজেদ এএ আদেল, শওকত আজিজ রাসেল ও জয়নাল আবেদিন ফারুক। এ নিয়ে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন চারজন। এছাড়া পরিচালক পদে ১৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এই পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ আবুল কালাম, মোস্তফা কামাল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহবুবুল আনাম, মোস্তাকুর রহমান, জাকির হোসেন চৌধুরী, মো. রিয়াজ উদ্দিন, আরিফুল হক প্রিন্স, মাহমুদ হাসান খান ও মিজানুর রহমান।
সভাপতি পদের বাইরেও পরিচালক পদে মনোনয়ন কিনেছেন জয়নাল আবেদিন ফারুক, সাজেদ এএ আদেল এবং শওকত আজিজ রাসেল। এর আগে পরিচালক পদে মনোনয়নপত্র কিনেছিলেন ১৯ জন। ১ মার্চ মনোনয়ন দাখিল, ৩ মার্চ বাছাই, আপত্তি, শুনানি ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ওই দিনই প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
বিকাল ৫টা থেকে। পরদিন চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ এবং ৯ মার্চ বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে। নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটার রয়েছেন ৩৭১ জন। তিনজন দাতা সদস্য এবং স্থায়ী সদস্য ৩৬৮ জন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক পদ ১৬টি এবং একজন সভাপতি থাকবেন। ১৬ জনের মধ্য থেকে একজন ডাইরেক্টর ইনচার্জ ও একজন ডাইরেক্টর ফাইন্যান্স মনোনীত হবেন।
আপনার মতামত লিখুন :