
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নোয়াখালী-৪ (সদর- সুবর্ণচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো শাহজাহান। সুবর্ণচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়া আলহাজ্ব মো শাহজাহান এসব কথা বলেন।
বুধবার (৪ মার্চ) বিকেলে সুবর্ণচর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান । এ মত বিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগনের সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো শাহজাহান এ সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন । তিনি আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি এবং আপনারা যারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আছেন, যৌথভাবে কাজ করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি জনগণ তাদের কাঙ্খিত সেবা পাবেন। এমপি বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।
মত বিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :