প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মার্চ, ২০২৬

সুবর্ণচরে উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘের ঈদ সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : ​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ইউনিয়নের করিম বাজার সংলগ্ন সংগঠনের প্রধান কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

​সংগঠন সূত্রে জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে সংগঠনটি সুবর্ণচরের উপকূলীয় এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তারা প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করেছে।

উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি ও সংগঠনের কার্যকরী সদস্য মোঃ শাহাদাত হোসেন, উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর, সংগঠনের সভাপতি ছানা উল্যাহ বি কম, সহ-সভাপতি মাইন উদ্দীন, অর্থ সচিব সোলাইমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কার্যকরী সদস্য নুরুল হুদাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘ শুরু থেকেই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছে। কেবল ঈদ সামগ্রী নয়, শিক্ষা বিস্তার ও দুর্যোগকালীন সহায়তা প্রদানসহ নানা সামাজিক কাজ আমরা নিয়মিত করে আসছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের এই কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করা সম্ভব হবে।”

​উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় শিক্ষার প্রসার, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্থানীয়রা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর