প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ এপ্রিল, ২০২৬

মোটরসাইকেল লাইনে দাঁড় করিয়ে সড়কে ঘুমিয়ে রাত কাটালেন চালক

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
যুক্তরাষ্ট্র -ইরান যুদ্ধের কারণে সারাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এতই খারাপ যে তেল নিয়ে পাম্পের সামনে সারারাত লাইনে দাঁড়িয়ে রয়েছে মোটরসাইকেল চালকরা। কেউ কেউ মোটরসাইকেল লাইনে রেখে গাড়ির পাশেই রাতে সড়কে ঘুমিয়ে পড়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাতে এমন চিত্র দেখা গেছে নোয়াখালীর সুবর্ণচরের নুরানী ফিলিং স্টেশন সড়কে।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সুবর্ণচরের নুরানী ও ফাইভ স্টার ফিলিং স্টেশনে  জ্বালানি তেল দেওয়া হবে এমন খবর প্রকাশের পর মধ্যরাত থেকেই পাম্পের  সামনে লাইন ধরে আছে মোটরসাইকেল চালকরা। জ্বালানি তেলের নাগাল পেতে অনেকে আবার মোটরসাইকেল লাইনে দাঁড় করিয়ে গাড়ির উপর ও গাড়ির পাশে কলাপাতা বিছিয়ে সড়কে শুয়ে রাত কাটাচ্ছে।

একদিকে যেমন তেলের প্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠেছে, অন্যদিকে দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে চালকদের মধ্যে ক্লান্তিও দেখা দিয়েছে। তবে তেল পাওয়ার আশায় এই কষ্ট মেনে নিয়েই তারা লাইনে অবস্থান করছেন। অনেকে বলছেন জ্বালানি তেলের জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে চাকরি বা অন্যান্য কাজ করা সম্ভব নয়।

লাইনে দাঁড়ানো এক মোটরসাইকেল চালক বলেন, বাজারে জ্বালানি তেলের সংকটের কারণে যেকোনো সময় তেল দেওয়া বন্ধ হয়ে যাবে। এমন গুঞ্জনে দুশ্চিন্তায় আছি। তাই আগামীকাল সকালে তেল দেওয়া হবে শোনার পর কোনো ঝুঁকি না নিয়ে রাতেই লাইনে দাঁড়িয়েছি।

দিদার এক চাকরিজীবী বলেন, আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি। আমাদের সারাদিন মোটরসাইকেল দিয়ে এ দোকান থেকে ও দোকান দৌড়াতে হয়। শুনলাম সকাল ৯টায় তেল দেবে। এখন যদি সকালে এসে লাইনে দাঁড়াই তবে তেল পেতে পেতে দুপুর হয়ে যাবে। আবার তেল নাও পেতে পারি।

নুরানী ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, রোববার সকাল ৯টা থেকে নিয়ম মেনে তেল সরবরাহ শুরু হবে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত থেকেই চালকরা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। সকালে খবর পেয়েই মুহূর্তেই শত শত মোটরসাইকেল ফিলিং স্টেশনের সামনে এসে দাঁড়াবে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাছাড়া প্রশাসনের নির্দেশনার বিষয় তো আছেই। সুবর্ণচরে যে পরিমাণ তেল সরবরাহ হচ্ছে সেই পরিমাণ গাড়িও নেই কিন্তু তারপরও কেন সংকট তা বুঝে আসেনা।

আরও পড়ুন

  • . এর আরও খবর