প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২৬

সুবর্ণচরে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে তেল না থাকায় এক ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জড়িত দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে পাম্পের কর্মচারী ও স্থানীয়রা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে তেল বিক্রি করা হচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে গেলে আর সরবরাহ করা সম্ভব হয়নি। এ সময় কিছু লোক ক্ষিপ্ত হয়ে হঠাৎ হামলা চালায় এবং অফিস কক্ষ ভাঙচুর করে। তিনি এ ঘটনায় চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনাস্থলে তখন চরজব্বার থানা পুলিশের একজন পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। অভিভাবকরা এলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন

  • . এর আরও খবর