• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন নারীকে পেটানোর ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
এদিন বিকেলে তাকে নারী নির্যাতন, শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আরও ছয়জনকে আসামি করা হয়।

অভিযুক্ত আফতাব পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের মৃত ছিদ্দিক উল্যার ছেলে। তিনি লক্ষ্মীপুর পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সাথে পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিনের সাথে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এরজেরে গত ৯ এপ্রিল আফতাবের নেতৃত্বে তার পরিবারের অন্য সদস্যরা ইসমাইল ও তার পরিবারের নারী সদস্যদের উপর হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর দিনও হামলার শিকার হয় তারা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন কয়েকজন নারীকে মারধর ও শ্লীলতাহানি করছে। এসময় হামলার শিকার নারীরা তার হাত থেকে রক্ষা পেতে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠে।
এ ঘটনার পর শনিবার দুপুরে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ইসমাইল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩৫)। এতে আফতাব ও তার ভাই মাহাতাব (৪৫), ভাতিজা মো. আবির (২০), ভাবী আরজু আক্তার (৩৫), মা হালিমা বেগম (৬০), তাদের সহযোগী অহিদা আক্তার (৫০) ও অহিদার ছেলে মো. শাকিলকে (৩৫) আসামি করা হয়।

পুলিশ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নারীর প্রতি সহিংসতার অভিযোগে এজাহার নামীয় প্রধান আসামি আফতাবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আসামি আফতাবকে বাদী পক্ষের মহিলাদের মারধর করতে দেখা যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর