• ঢাকা
  • শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬

দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক প্রচার ও ভিডিও প্রদর্শনী

দাগনভূঞা প্রতিনিধি  :
দাগনভূঞা উপজেলার ৩নং পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ গজারিয়া বাজার এলাকায় দিনব্যাপী মাইকিং পরিচালনার মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা, মামলা দায়েরের পদ্ধতি এবং স্বল্প ব্যয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হয়।

কর্মসূচির ধারাবাহিকতায় সন্ধ্যা ৭টায় গজারিয়া বাজারে ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শিত ভিডিওতে নাট্যরূপের মাধ্যমে গ্রাম আদালতের একটি বাস্তবধর্মী বিচার প্রক্রিয়া উপস্থাপন করা হয়, যেখানে একটি বিরোধ কীভাবে আইনানুগ পদ্ধতিতে ধাপে ধাপে নিষ্পত্তি করা হয় তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। সহজবোধ্য ও প্রাণবন্ত উপস্থাপনার ফলে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ভিডিও প্রদর্শনীটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, কার্যকারিতা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন।

ভিডিও প্রদর্শনীর পর গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় গ্রাম আদালত আইন, কার্যপ্রণালী ও সেবাসমূহ সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর প্রদানকারী ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও আগ্রহ বৃদ্ধি করে।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর