
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সিন্দুরপুর বাজার এলাকায় দিনব্যাপী মাইকিং পরিচালনা করা হয়। এ সময় গ্রাম আদালতের সুবিধা, মামলা দায়েরের প্রক্রিয়া, বিচার কার্যক্রম এবং স্বল্প ব্যয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হয়। মাইকিংয়ের মাধ্যমে জনগণকে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতের সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। পরে সন্ধ্যায় সিন্দুরপুর বাজারে ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শিত ভিডিওতে নাট্যরূপের মাধ্যমে গ্রাম আদালতের একটি বাস্তবধর্মী বিচার প্রক্রিয়া উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়, কীভাবে একটি পারিবারিক বা সামাজিক বিরোধ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
সহজবোধ্য ও বাস্তবসম্মত উপস্থাপনার ফলে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং তারা বিষয়টি মনোযোগসহকারে উপভোগ করেন। ভিডিও প্রদর্শনীটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত অনেকেই জানান, এ ধরনের উদ্যোগ গ্রাম আদালত সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করেছে এবং ভবিষ্যতে তারা এ সেবার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী হবেন। ভিডিও প্রদর্শনীর পর গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় গ্রাম আদালত আইন, কার্যপ্রণালী ও সেবাসমূহ সম্পর্কিত প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তর প্রদানকারী ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আদালতের ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :